উপাচার্যহীন ইবিতে মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু



ইবি প্রতিনিধি: 


ছাত্র ও শিক্ষক আন্দোলনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন'স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিন'স কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ক্লাস-পরীক্ষা শুরুর দাবীর সাথে ডীন'স কমিটি সর্বসম্মতক্রমে ঐক্যমত পোষণ করে। তাদের দাবীর প্রেক্ষিতে সকল বিভাগীয় সভাপতিকে জরুরী একাডেমিক কমিটির সভা আহবান করে আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)  হতে অনলাইন ক্লাস শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।


এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।


নতুন প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, মন্ত্রণালয়ের চিঠির আলোকে সিনিয়র ডিন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য না আসা পর্যন্ত চলতি জরুরি দায়িত্বগুলো আমি পালন করবো। আর্থিক ও প্রশাসনিক কাজের বাইরে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে বিভাগীয় সভাপতিদের চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের রেজাল্ট সহ যেসব পেন্ডিং কাজ রয়েছে সেগুলা সমাধান করা হবে। আর মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করবো জারি করা চিঠিতিতে যেন একাডেমিক শব্দটি জুড়ে দেওয়া হয়। যদি না দেয় তবে আগামী সপ্তাহ থেকে সশরীরে ক্লাস চালুর করার চেষ্টা করবো৷ এই সময়ে আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

0 coment rios: