বাকৃবিতে আশরাফুল হক হলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ আবু সাইদ একাদশ

Post Image

বাকৃবি প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত ইন্ডিপেন্ডেন্স ২.০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আবু সাইদ একাদশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আশরাফুল হক হলের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শহীদ আবু সাইদ একাদশ বনাম শহীদ মুগ্ধ একাদশ। খেলার নির্ধারিত সময়ে দুই-দুই গোলে ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়ী হয় শহীদ আবু সাইদ একাদশ। টুর্নামেন্টটির আয়োজন করেছে আশরাফুল হক হলের সাধারণ শিক্ষার্থী ও হল প্রশাসন।

খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাচ সেরার পুরস্কার পান বিজয়ী দলের ক্যাপ্টেন জহিরুল ইসলাম এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার ও সেরা গোল কিপার নির্বাচিত হন একই দলের ইমরান হোসেন ও এনামুল হক।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলম মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ হলের হাইজ টিউটরবৃন্দ ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির মো. শামীম গাজী বলেন, ৫ তারিখের পর থেকে এই হলে অভ্যন্তরীণ কোন সমস্যা নেই। সকলের সম্মিলিত সিদ্ধান্তে সবকিছু পরিচালিত হচ্ছে যার উৎকৃষ্ট উদাহরণ আজকের এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি। খুব শীঘ্রই টুর্ণামেন্টের আয় ব্যয়ের হিসাব প্রভোস্ট অফিসে এবং হল গেটের নোটিশ বোর্ডে টানানো হবে।

ছাত্র উপদেষ্টা ড. মো: শহীদুল হক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এত ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষার্থে সবাইকে সচেষ্ট হতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আগের মত অন্যায় অবিচার, চাদাবাজি রেগিং ও মাদকের মতো কোনো জিনিস যাতে ক্যাম্পাসে না ঢুকতে পারে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য খেলাধুলার আয়োজনের বিশেষ দরকার আছে। হল প্রভোস্ট প্রফেসর ড. আলম মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

জানা যায়, বিগত ১২ সেপ্টেম্বর আয়োজিত আশরাফুল হক হল ইন্ডিপেন্ডেন্স ২.০ ফুটবল টুর্নামেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নামানুসারে ৬টি দলের নামকরণ করা হয়। যাতে প্রতিটি টিমে ১২ জন করে মোট ৭২ জন শিক্ষার্থী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

0 coment rios: