ফারহান হোসেন,গবি প্রতিনিধি: সম্প্রতি দেশে ঘটে যাওয়া মব জাস্টিস ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যায় বাইশমাইল গণ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় প্রতিবাদ সমাবেশে গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম খান বলেন, ‘এক চিহ্নিত ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে। এখন নব্য যে ফ্যাসিবাদের উত্থান, তাও শক্ত হাতে রোধ করতে হবে। দ্রুতই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশে অবনমিত শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাষ্ট্রযন্ত্রকে মনোযোগী হতে হবে। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘৫ই আগষ্ট স্বৈরাচারি সরকার পতনের পর থেকে দেশে বিচারবর্হিভুত হত্যকান্ড চলতে থাকে যা স্বৈরাচারি সরকারের প্রতিবিম্ব। আমরা দেশে কোন অরাজকতা চাইনা আমি দেশের অভ্যান্তরীন শান্তি চাই।’
ঢাবি-জাবিতে ঘটে যাওয়া মব জাস্টিসের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেওয়ান ফয়সাল জানান, “সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ ফ্যাসিবাদী আওয়ামী এবং ভারতীয় ইন্ধন। সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই জনগণের রাষ্ট্র জনতার হাতে ফিরিয়ে দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই মুহূর্তে সচেতন সকল জনগণকে নব্য ফ্যাসিবাদের উত্থান ঠেকিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে। দেশে কোনো রকম নৈরাজ্যের প্রশ্রয় দেওয়া চলবে না।”
প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী সহ স্থানীয় প্রতিবাদী ছাত্র-জনতা সংহতি জানিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
0 coment rios: