শিক্ষার্থীদের ক্ষোভের মুখে বাকৃবিতে আসছেন না বিতর্কিত সামিনা লুৎফা

Post Image

আসিফ, বাকৃবি প্রতিনিধি: 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় কেমন বাংলাদেশ চাই?’ শিরোনামের এক আলোচনা সভায় আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমকামিতার সমর্থক হিসেবে অভিযুক্ত সামিনা লুৎফাকে রাখায় তীব্র প্রতিক্রিয়া এবং ওই আলোচককে বাদ দিয়ে আলোচনা সভা করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর প্রতিবাদলিপি প্রদান করেছিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় উদ্ভূত পরিস্থিতিতে আলোচকবৃন্দ বিশ্ববিদ্যালয়ে আসতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় ওই আলোচনা সভা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আলোচনা সভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী ফরিদ।

প্রেসবিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. কাজী ফরিদ উল্লেখ করেন, 'উদ্ভূত পরিস্থিতিতে আলোচকবৃন্দ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে 'কেমন বাংলাদেশ চাই?' শিরোনামে আলোচনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হলো। পরবর্তীতে অনুষ্ঠানটি আয়োজন করা হবে এবং পরিবর্তিত তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।'

উল্লেখ্য, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় কেমন বাংলাদেশ চাই?' শিরোনামে বাকৃবির এক আলোচনাসভার পোস্টার প্রকাশ হওয়ার পর সেখানে আলোচক হিসেবে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক সলিমুল্লাহ খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিনের পাশাপাশি অধ্যাপক সামিনা লুৎফার অন্তর্ভুক্তি দেখে ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন শিক্ষার্থীরা। ‘বাকৃবির আঙ্গিনায় সমকামীদের ঠাঁই নাই’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সমকামিতা সমর্থনকারী হিসেবে পরিচিত অধ্যাপক সামিনাকে বাকৃবিতে তারা কোনোভাবেই দেখতে চান না। এমতাবস্থায় সহযোগী অধ্যাপক সামিনা লুৎফাকে বাদ দিয়ে সভা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করেন শিক্ষার্থীরা।


শেয়ার করুন

0 coment rios: