ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নামাজের জন্য রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ।
তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে অনেকেই এখানে আসেন নামাজ আদায়ের জন্য। এটি ক্যাম্পাসের এক অংশে ২০ শতাংশ জমির ওপর ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। তিন গম্বুজবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত তিনতলা এই মসজিদে একই সঙ্গে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর, রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারি এবং এটি উদ্বোধন করা হয় ২০২০ সালের আগস্ট মাসে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কার্যক্রম, যেমন দোয়া মাহফিল, কোরআন পাঠ এবং ইসলামিক শিক্ষা প্রদান ইত্যাদি পালন করা হয়। স্মৃতিতে অমলিন রাখতে ইসলামের বিধি অনুযায়ী এখানে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনেক দম্পতি।
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে হওয়ায় এই মসজিদে অনেক পথিকও নামাজ আদায় করতে আসেন। এই মসজিদের চারদিক উন্মুক্ত থাকায় বিভিন্ন ঋতুতে এর প্রাকৃতিক সৌন্দর্য হয় বিভিন্ন রকম। জেলার গুটিয়া মসজিদের পর অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের নাম উল্লেখ করা হয়।
নামায পড়তে আসা স্হানীয় মুসল্লি হাসিব শিকদার জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে মেলবন্ধনের এক অনন্য মাধ্যম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মসজিদ। দৃষ্টিনন্দন এ মসজিদ এলাকাবাসীর ভালোলাগা ও ভালোবাসার এক পবিত্র স্হান। প্রতিষ্ঠার পর থেকে সাপ্তাহে অন্ততপক্ষে জুমাবারে হলেও নামাজ আদায় করতে পাশ্ববর্তী বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে হাজারো মুসল্লির সাক্ষাৎ মেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই জামে মসজিদে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিন হোসাইন সানমুন জানান, মসজিদ মুমিনদের জন্য প্রশান্তির জায়গা। বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন এ মসজিদ প্রশান্তি বয়ে আনে এখানে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের। মসজিদ কেন্দ্রিক ইসলামি সংস্কৃতির চর্চা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামী সংস্কৃতির চর্চার অভাবও পূরণ হচ্ছে ।
0 coment rios: