মো. জুবায়ের ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন ও র্যালির আয়োজন করেছে তিতুমীরের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে শহীদ মামুন চত্বরে মানববন্ধন করে নিউ এয়ারপোর্ট রোড থেকে গাউসুল আজম মসজিদ পর্যন্ত রেলের আয়োজন করা হয়।
র্যালি শেষে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে তাদের দাবি গুলো উত্থাপন করেন। শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি অনেক দিনের। এ দাবি সকল শিক্ষার্থীদের। তিতুমীরের সকল অবকাঠামোগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিতুমীর কেন বিশ্ববিদ্যালয় হবে না? এ প্রশ্ন সকল সাধারণ শিক্ষার্থীদের। সর্বশেষ শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
র্যালির সময় শিক্ষার্থীরা, ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না, ভিসি ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না, মুক্তি মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর কী চায়? বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কী চায়? বিশ্ববিদ্যালয়’, এবং ‘গুলশান কী চায়? বিশ্ববিদ্যালয়’ স্লোগান দেন।
অতীতে জিন্নাহ কলেজ নামে ১৯৬৮ সালে সরকারি তিতুমীর কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালের ২ মার্চ চূড়ান্ত ভাবে সরকারি কলেজ নাম রাখা হয়। ১৯৯৭ সালে ১ম সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা যায় অফিসিয়াললি। ২০০৫ সালে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষে প্রথম দফা আন্দোলন হয়। ২০১৪ সালে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করার আন্দোলনের তীব্রতা ব্যাপক বেড়ে যায়। এতে তখনকার সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছিল।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সরকারি তিতুমীর কলেজসহ রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে ঘোষণা করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই তিতুমীর কলেজ নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফলাফল-জট, সমন্বয়হীনতা, শিক্ষক সংকট, শিক্ষার মানের অবনতি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষা না হওয়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ।
এক শিক্ষার্থী বলেন, তিতুমীর কলেজ ঢাকা শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ । তিতুমীর কলেজ এর ঐতিহ্যের সাথে সাথে শিক্ষার মান যতটা উন্নয়ন হওয়া প্রয়োজন তার থেকে পিছিয়ে রয়েছে। শিক্ষার মান উন্নয়ন করার জন্য বিগত সরকার তিতুমীর কলেজকে ঢাবির অধিভুক্ত করেছে। কিন্তু আমরা দেখেছি শিক্ষার মান উন্নয়ন হওয়ার চেয়ে অবনতি হয়েছে বেশি। আমরা ঢাবির সাথে এই বৈষম্য আর চাই না। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আমরা যেনো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের শিক্ষাঙ্গনকে আরো উন্নত করতে পারি, তাই আমরা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।
0 coment rios: